চ্যারিটির নামে বাজার দখলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে রবি
বাজার দখলে কোনো অপারেটর যেনো সিএসআর কার্যক্রম ব্যবহার না করে সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে মোবাইল অপারেটর রবি। হাইভ্যালু কাস্টমার ভাগাতে এরই মধ্যে ১০ কোটি মিনিট অফার দিয়ে এসএমপি অপারেটর গ্রামীণ ফোন প্রকারান্তরে ব্যবসায় পরিবেশ নষ্ট করছে বলেও অভিযোগ তুলেছে অপারেটরটি। এ ধরনের সিএসআর’র নামে মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার অনুমতি প্রাপ্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দাবি করা হয়েছে, মহামারির মতো পরিস্থিতিতে কীভাবে বাণিজ্যিক অফার দেয়া হবে তার একটি রূপরেখা প্রণয়নের।
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন অভিযোগ ও দাবি করেছেন রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ। এসময় রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ প্রমুখ সংযুক্ত ছিলেন।
সম্মেলনে মাহতাব উদ্দিন বলেন, আমরা সিএসআর-কে চ্যারিটি হিসেবেই দেখতে চাই। এটি ব্যবসায় বৃদ্ধি কৌশল হিসেবে কাজে লাগাতে চাই না। এটা উচিতও নয়। কিন্তু করোনা পরিস্থিতিতে এই সুযোগটি কাজে লাগানো হচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ বিষয়ে নজর দেবে বলেও প্রত্যাশা করেন তিনি।
তিনি বলেন, ‘মার্কেট নেতা হয়েও গ্রামীণফোনকে সিএসআরের নামে বিপণন কৌশল প্রয়োগ করতে দেখা গেছে। এটি অন্যান্য অপারেটরদের প্রচণ্ড চাপে ফেলেছে।’
প্রসঙ্গক্রমে নিজস্ব গ্রাহকদের জন্য অনুরূপ প্যাকেজ নিয়ে বাজারের নেতৃত্বে থাকা অপারেটরটির পদক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন রবি প্রধান।
তিনি বলেন, “নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারকে বিষয়টি খতিয়ে দেখা উচিত। অন্যথায় টেলিকম শিল্পের ক্ষতি হবে এবং ছোট অপারেটরদের এজন্য চরম মূল্য দিতে হবে।